১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি’র ট্রাফিক নির্দেশনা

আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযথ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে উদযাপিত হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সদস্যবর্গসহ বিভিন্ন স্তরের জনসাধারণ ধানমন্ডি-৩২, বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন। এ সময় ঢাকা মহানগরী ও আশেপাশের এলাকা থেকে বিভিন্ন পরিবহণযোগে ও পায়ে হেঁটে অসংখ্য নেতা-কর্মীসহ সাধারণ জনগণের আগমন ঘটবে। এ উপলক্ষে ধানমন্ডি-৩২ এর চারদিকে রাস্তায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। 
 
১৫ আগস্ট ভোর বেলা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত ধানমন্ডি ২৭নং পূর্ব মাথা থেকে রাসেল স্কয়ার ও কলাবাগান হয়ে ধানমন্ডি ২নং রোড ক্রসিং পর্যন্ত (মিরপুর রোড) বন্ধ থাকবে। এছাড়া প্রয়োজনে গাবতলীর দিক থেকে মিরপুর রোড হয়ে আগত পরিবহণসমূহ মানিক মিয়া অ্যাভিনিউ বামে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে, নিউমার্কেট মুখী গাড়িসমূহকে ধানমন্ডি-২৭ নং পূর্ব মাথা থেকে ২৭ নং রোড পশ্চিম মাথা হয়ে সাত মসজিদ রোড- ধানমন্ডি ২নং রোড, সিটি কলেজ হয়ে সাইন্স ল্যাবরেটরির দিকে ডাইভারশন দেয়া হতে পারে।
 
শাহবাগ বা নিউমার্কেট থেকে সাইন্স ল্যাবরেটরির দিকে আগত গাবতলী ও এয়ারপোর্ট গামী গণপরিবহণ সমূহ ধানমন্ডি ২নং রোড হয়ে জিগাতলা-সাত মসজিদ রোড-ধানমন্ডি ২৭ নং রোড পশ্চিম মাথা হয়ে ২৭নং রোড পূর্ব মাথা হয়ে যাবে। পান্থপথ ক্রসিং থেকে রাসেল স্কয়ারের দিকে গাড়ি চলাচল বন্ধ থাকবে।
 
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ অর্পণ শেষে ভেন্যু ত্যাগ করার পর সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। এ সময় সাধারণ জনসাধারণের গাড়িসমূহ রাসেল স্কয়ার থেকে ধানমন্ডি ৬নং রোডের উভয় পার্শ্বে এক লাইনে এবং রাসেল স্কয়ার থেকে পান্থপথ ক্রসিং পর্যন্ত উত্তর লেনে এক লাইনে গাড়ি পার্কিং করতে পারবেন। 
 
ইত্তেফাক/এমআই