গুলিস্তানে ফের বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে খাজা পরিবহণের একটি বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে। নিহতের পরনে ছিল চেক লুঙ্গি, হাফ হাতা শার্ট ও কোমরে লাল গামছা। পুলিশ বলছে, এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও এর চালক ও সহকারী পলাতক রয়েছেন। স্থানীয় জনতাও তাদের আটকাতে পারেনি। 
 
পল্টন থানার এসআই ওয়ালিউর রহমান জানান, রবিবার বিকালে জিরো পয়েন্ট সংলগ্ন ইম্পেরিয়াল হোটেলের সামনে প্রেসক্লাবগামী খাজা পরিবহণের ধাক্কায় ওই যুবক আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যা পর্যন্ত তার কোন স্বজন আসেনি। 
 
এদিকে, রবিবার বিকালে ধানমন্ডি ১৫ নম্বর রোডের ২৯০ নম্বর বাসার ২য় তলার বাইরে এসি’র পাশে জমে থাকা ময়লা পরিষ্কারের সময় অজ্ঞাত এক ব্যক্তি (৫০) বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। ওই বাসার কেয়ারটেকার শেখ মিলাদ জানান, সকালে হুমায়ুন নামে একজন এবং ওই ব্যক্তিকে দিনমজুর হিসেবে কাজের জন্য আনা হয়।
 
ইত্তেফাক/এমআই