সমাজের অসঙ্গতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে ছাত্ররা: মেয়র নাছির

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছে। এ সময় তারা আন্দোলনের বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি দাওয়া পূরণ হওয়ায় সন্তোষ প্রকাশ করে। একইসাথে আরো কিছু দাবির বিষয়ে মেয়রের সহায়তা কামনা করেন।
 
রবিবার নগর ভবনে সাক্ষাতের সময় মেয়র বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলন সমাজ ব্যবস্থার অসঙ্গতি, ভুল ও অবহেলাগুলোকে চিহ্নিত করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তবে ঢাকার সাথে চট্টগ্রাম শহরকে তুলনা করা যৌক্তিক নয়। নতুন ঢাকা পরিকল্পিত শহর। কিন্তু আমাদের চট্টগ্রাম অপরিকল্পিত ও পুরানো শহর। আমরা এ নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার চেষ্টা করছি। এ শহরে রাস্তার পাশে পর্যাপ্ত জায়গা নাই। অথচ উন্নত রাষ্ট্রের শহরগুলোতে রাস্তার পাশে পর্যাপ্ত জায়গা থাকে।
 
এছাড়াও চট্টগ্রামে ওয়াসা, সিডিএ, বিটিআরসিসহ বিভিন্ন সেবা সংস্থার একাধিক উন্নয়নকাজ চলার কারণে নগরীর সড়কগুলোর অবস্থা নাগরিক চাহিদা অনুযায়ী পুরোপুরি চলাচল উপযোগী নয়।’
 
সাক্ষাতের সময় শিক্ষার্থীরা জেব্রাক্রসিংয়ের ব্যবস্থা করায় চসিককে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা।
 
একইসঙ্গে নিউ মার্কেট, বাদামতলি, জিইসি, মুরাদপুর মোড়ে ফুট ওভার ব্রিজ বা আন্ডারপাস নির্মাণের ব্যবস্থা করা, প্রয়োজনীয় স্থানে স্প্রিড বেকার স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সামনে গতিরোধক সাইনবোর্ড স্থাপন ও বাসস্টপেজ চালুর বিষয়ে সড়ক পরিবহন ও বাস মালিকদের সাথে মেয়রের উদ্যোগে বৈঠকের ব্যবস্থা করা, গণপরিবহন ও নগরে চলাচলরত বিআরটিসির বাস সমূহে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করা, পণ্যবাহী যানবাহনগুলোকে নির্দিষ্ট সময়ের আগে নগরে ঢুকতে না দেয়াসহ বেশকিছু দাবি উপস্থাপন করেন।
 
ইত্তেফাক/আরকেজি