গোপালগঞ্জের মুকসুদপুরে দুই সন্তানের জননীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শিউলি রায় (৩৮)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার কলিগ্রাম চর গ্রামে। নিহতের স্বামীর পরিবার বলছে পরকীয়া প্রেমে স্বামী বাঁধা দেওয়ায় বিষপানে আত্মহত্যা করেছে শিউলি।
শিউলির স্বামীর পারিবারিক সূত্রে জানা যায়, শিউলির স্বামী মুকসুদপুর উপজেলার কলিগ্রাম চর গ্রামের সমির রায়। তিনি স্ত্রী শিউলি রায়কে ও দুই সন্তানকে গ্রামের বাড়িতে রেখে কাঠমিস্ত্রির কাজ করেন ঢাকায়। এ সুযোগে স্ত্রী শিউলি রায় পার্শ্ববর্তী জনৈক এক ব্যক্তির সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ ঘটনা নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এরই জের ধরে রবিবার রাতে স্বামী সমির রায়ের সঙ্গে স্ত্রী শিউলি রায়ের মোবাইলে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এতে স্ত্রী শিউলি রায় ক্ষিপ্ত হয়ে সোমবার সকালে সবার অলক্ষ্যে বিষপান করে।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা এখনই বলা যাচ্ছে না। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করেছি। ময়না তদন্তের পর বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
ইত্তেফাক/নূহু