সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা, শেবাচিম হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে মামলা

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় হাসপাতাল পরিচালক ডাঃ বাকির হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দৈনিক শাহনামা পত্রিকার সহকারী বার্তা সম্পাদক মোঃ বিপ্লব আহামেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি পরবর্তী আদেশের জন্য রেখে দেন। 
 
মামলার বরাত দিয়ে আইনজীবী আজাদ রহমান জানান, গত ২৬ জুলাই বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ঘোষণা করে চিঠি ইস্যু করেন। শেবাচিম হাসপাতালের ৩৪২৮নং স্বারকে তিনি জানান, বরিশাল প্রেসক্লাব এবং বরিশাল রিপোটার্স ইউনিটির সদস্যভুক্ত সাংবাদিক ব্যাতীত অন্য সকল সাংবাদিকদের শেবাচিম হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ করে। একই চিঠিতে তিনি বরিশালের সকল ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে শেবাচিমে প্রবেশ নিষিদ্ধ করেন। 
 
ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়, যদি কোন সাংবাদিক তার (পরিচালক) অনুমতি ব্যাতিত শেবাচিমে প্রবেশ করে কোন প্রকার তথ্য সংগ্রহের চেষ্টা করেন সেক্ষেত্রে ওই সাংবাদিককে তিনি পুলিশের হাতে তুলে দেবেন।
 
বাদী সংবাদ সংগ্রহ করতে গিয়ে জনসাধারণের সম্মুখে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছেন। যা মানহানীকর। তথ্য অধিকার আইন ও বিধানমতে যে কোন সরকারী কর্তৃপক্ষ তথ্য প্রদান করিতে বাধ্য। বাদী একজন সৎ নিষ্ঠাবান ও আদর্শ সংবাদকর্মী হিসেবে আসামির মানহানীকর বক্তব্যের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মামলাটি দায়ের করেন।
 
ইত্তেফাক/নূহু