কামারখন্দে ছিনতাইয়ের চেষ্টাকালে দুইজন আটক

সিরাজগঞ্জের কামারখন্দে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বাজার ভদ্রঘাট এলাকার ভদ্রঘাট বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার জানপুর গ্রামের আবু বক্কারের ছেলে আমিনুল ইসলাম (২৮) ও একই এলাকার মকবুল হোসেনের ছেলে আজিজুল হক (৩২)।
 
জানা যায়, সোমবার দুপুরে ইসলামী ব্যাংক সিরাজগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলন করে উপজেলার বাজার ভদ্রঘাটের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিক্সায় যাচ্ছিলেন এক নারী। অটোরিক্সাটি ভদ্রঘাট এলাকায় পৌঁছুলে অটোরিক্সা থেকে নামার পর ছিনতাইয়ের উদ্দেশ্যে ওই নারীর ভ্যানিটি ব্যাগ নিয়ে টানাটানি করছিল আমিনুল ও আজিজুল নামে দুই যুবক। এক পর্যায়ে ওই নারী চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এগিয়ে আসেন এবং ওই দুই যুবককে আটক করে পুলিশকে খবর দেয়। 
 
পুলিশ ঘটনাস্থলে পোঁছে যুবকদের আটক করে থানায় নিয়ে আসে। বিকেলে ঘটনার শিকার সিরাজগঞ্জ সদর উপজেলার বিল গজারিয়া গ্রামের আল আমিনের স্ত্রী স্বপ্না খাতুন বাদী হয়ে কামারখন্দ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
 
কামারখন্দ থানার উপ পরিদর্শক (এসআই) মহিদুল হাসান জানান, সিরাজগঞ্জ ব্যাংক থেকে টাকা উত্তোলন শেষে ভদ্রঘাট বাজারে অটোরিক্সা থেকে নামার পর ছিনতাইয়ের উদ্দেশ্যে এক নারীর ভ্যানিটি ব্যাগ নিয়ে টানাটানি করছিল আমিনুল ও আজিজুল নামে দুই যুবক। এ সময় জনগণ তাদের আটক করে আমাদের জানালে আমরা ওই দুই যুবককে আটক করি এবং থানায় নিয়ে আসি। পরে ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে মামলার প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/নূহু