আগামী বছর একইসঙ্গে ১১ রাজ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। এজন্য দলটির আলাদা করে সংবিধানের কোন নীতি মানার প্রয়োজন পড়বে না বলে জানিয়েছে অভ্যন্তরীণ সূত্র। খবর এনডিটিভি’র।
খবরে বলা হয়, উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় আগামী বছরের মাঝের দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র জানিয়েছে, কিছু দক্ষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে ওই সময় একইসঙ্গে রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, হরিয়ানা, মহারাষ্ট্র, মিজোরাম, ঝাড়খণ্ড ও বিহারেও নির্বাচন আয়োজন সম্ভব।
সূত্র বলেছে, এমনটা হলে রাজ্যে -প্রেসিডেন্ট’স রুলের- ছায়া পড়বে। উল্লেখ্য, ভারতে -প্রেসিডেন্ট’স রুল মানে হচ্ছে, রাজ্য সরকারের ওপর কেন্দ্রীয় সরকারের সন্দেহ সৃষ্টি হওয়া ও ওই রাজ্যে কেন্দ্রীয় শাসন জারি করা। পাশাপাশি যেসব রাজ্যে নির্বাচন দেরিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেসব রাজ্যেও আগেভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সবদিক বিবেচনায় প্রেসিডেন্ট রুলের আওতায় পড়বে মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও মিজোরামে। রাজ্যগুলোতে আগামী বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা শুরুর দিকে হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
এছাড়া হরিয়ানা , ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রেও নভেম্বর- ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিহারে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০২০ সালে।
রাজ্যগুলোতে একইসঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হলে সময়সূচীতে ব্যাপক পরিবর্তন আসবে। যেহেতু এগুলো ক্ষমতাসীন এনডিএ-শাসিত রাজ্য, সেহেতু এগুলোতে আগেই পার্লামেন্ট ভেঙ্গে লোকসভা নির্বাচনের সঙ্গে একই সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
ইত্তেফাক/ জেআর