ফের ক্ষমতায় এলে বঙ্গবন্ধুর খুনী রাশেদ চৌধুরীকে ফেরানো হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৫ আগস্টের রাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কজনক রাত। ফের আওয়ামী লীগ ক্ষমতায় এলে আমেরিকায় পালিয়ে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে। এ নিয়ে আমেরিকা সরকারের সঙ্গে সফল আলোচনা হয়েছে।
 
আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা সদরের সিরাজুল হক মুক্তমঞ্চে আয়েজিত শোক সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এ শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
 
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনীদের দেশে কবে ফিরিয়ে আনা হবে সেটা নিয়ে সবার কৌতুহল। পোষা পাখি উড়ে যাওয়ার পর সেই পাখিকে যদি ফেরানো কষ্ট হয় তাহলে বঙ্গবন্ধুর খুনীদের ফেরানো কত কষ্টকর আপনারা বুঝেন। তবে আমেরিকায় থাকা রাশেদ চৌধুরীকে ফেরানোর ব্যাপারে আমেরিকা সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।
 
তিনি আরো বলেন, আগামীতে ক্ষমতায় এলে রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা হবে। আর কানাডায় থানা নূর চৌধুরীকেও দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। তবে কানাডায় আইন আছে- যদি কোনো দেশে অন্যায়ের জন্য মৃত্যুদন্ড সাজা থাকে তাহলে তাকে সে দেশে পাঠানো হয় না। তারা শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড মানে না।
 
জিয়াউর রহমানের সমালোচনা করে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ৬ বছর ক্ষমতায় ছিলেন। তিনি খুনী মোস্তাককে ফুটবলের মতো লাথি দিয়ে মসনদে বসেছিলেন। বঙ্গবন্ধুর খুনীদের তিনি বিদেশে চাকরি দিয়েছিলেন। পরে তাকেও গুলিতে ঝাঁঝরা হতে হয়েছে।
 
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নত হোক বিএনপি চায় না। শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল করেছেন সেটা বিএনপি চায় না। তারা চায় বাংলাদেশে পাকিস্তান হোক।
 
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট রাশেদুল কায়ছার প্রমুখ।
 
ইত্তেফাক/নূহু