হবিগঞ্জের লাখাইয়ে এক হাঁস খামারী খুন হয়েছেন। মঙ্গলবার উপজেলার খালিউড়ি হাওর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। নিহত ব্যক্তি হুসেনপুর গ্রামের বাসিন্দা কাদির মিয়া। এ ঘটনায় পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই উপজেলার করাব ইউনিয়নের হুসেনপুর গ্রামের কাদির মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় হাঁসের খামার করে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি খামার করা নিয়ে তার সঙ্গে বিরোধ দেখা দেয় একই গ্রামের সফিক মিয়া ও ফরিদ মিয়ার। সোমবার রাতে গ্রামের পাশে খালিউড়ি হাওরে নিজের খামারে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়েন। কিছু দূরে তার ভাই সফু মিয়া তার খামারে ঘুমান। গভীর রাতে ২০/২৫ জনের একটি দল হানা দিয়ে প্রথমে সফু মিয়া ও নাদির হোসনকে বেঁধে মারপিট করে। পরে তারা কাদির মিয়ার খামারে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তিনি দৌড়ে ভাইয়ের খামারের কাছে এসে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরান হোসেন জানান, রাস্তা ও হাঁসের খামার করা নিয়ে তাদের মাঝে বেশ কয়েকদিন ধরে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে এর জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। তবে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় এখনও মামলা দায়ের করা হয়নি।
ইত্তেফাক/নূহু