পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অসচ্ছল ও প্রান্তিক পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাঙ্গামাটি সদর উপজেলার কয়েকটি পরিবারে এসব গাভী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা।
রাঙ্গামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কার্যালয় প্রাঙ্গণে গাভী বিতরণী অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, সদস্য শাহিনুল ইসলাম, আশীষ কুমার বড়ুয়া, ড. প্রকাশ কান্তি চৌধুরী, হারুন অর রশীদ ।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল ও প্রান্তিক পরিবারের নারীদের ভাগ্য উন্নয়ন তথা তাদের ক্ষমতায়নে সরকার বদ্ধ পরিকর। আর সরকারের আন্তরিকতার কারণে আজ পাহাড়ের নারীরা এগিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আজ সকলে সুফল পাচ্ছে।
তিনি আরো বলেন, প্রত্যন্ত অঞ্চলের অসচ্ছল ও প্রান্তিক পরিবারের নারীদের ভাগ্য উন্নয়নের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক বলেই পার্বত্যবাসীর জীবনমানের দ্রুত উন্নতি হচ্ছে। তাই এই ধারাবাহিকতা বজায় রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হয়ে সকলকে কাঁধে কাঁধ রেখে এলাকার উন্নয়নের জন্য এগিয়ে আসার আহবান জানান তিনি।
ইত্তেফাক/জেডএইচ