রংপুরে স্কুলছাত্র নিহতের ঘটনায় বাসচালক ও হেলপারের ৮ দিনের রিমান্ড

রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র তানভীর আহমেদ জিয়ন বাসের চাপায় নিহতের ঘটনায় আটক ওই বাসের চালক ও হেলপারকে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা এসআই মামুনুর রশিদ আসামিদের জিজ্ঞাসাবাদে জন্য অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
এদিকে বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে মানুষ হত্যা ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় বাসচালক ইনসান আলী শানু (৩৮), তার সহকারী (হেলপার) বাদশা মিয়া (৩৫) ও বাসমালিক শরিফা বেগমকে আসামি করে রবিবার রাতে কোতয়ালী থানার এসআই ছকিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করে। আসামিরা সবাই গাইবান্ধা জেলার বাসিন্দা। 
 
এর আগে রবিবার দুর্ঘটনার পর বাস আটকসহ ওই বাসচালক ও হেলপারকে গ্রেফতার করে পুলিশ। তবে এ খবর লেখা পর্যন্ত বাস মালিককে পুলিশ গ্রেফতার করতে পারেনি।
 
ইত্তেফাক/নূহু