পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করে বলেছেন, আসামে নাগরিকপঞ্জিতে (এনআরসি) বাদ পড়া ৩৮ লাখ বাঙালির মধ্যে ১৩ লাখই মুসলিম এবং বাকি ২৫ লাখ বাঙালি হিন্দু। ইচ্ছেকৃতভাবে এটা করা হয়েছে। মঙ্গলবার কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক ভবন নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
তিনি অভিযোগ করেন, আসামে এনআরসি প্রয়োগের লক্ষ্যই হলো সেখান থেকে বাঙালি খেদাও। দেশ জুড়ে জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি করছে বিজেপি। অমিত শাহ তো ইলিশ খান না। তাহলে ইলিশও কী অনুপ্রবেশকারী হবে?
মমতা ব্যানার্জি প্রশ্ন করেন, অনুপ্রবেশকারী আবার কী? দেশ ভাগের পর প্রচুর মানুষ উদ্বাস্তু হয়ে পূর্ব বাংলা থেকে এসেছেন। তেমনই পশ্চিম পাঞ্জাব থেকেও ভারতের অধীনস্থ পাঞ্জাবপ্রদেশে প্রচুর মানুষ এসেছেন। তবে কী তারাও এনআরসির আওতায় পড়ে।
মমতা বলেন, আমাকে যদি মায়ের বার্থ সার্টিফিকেট দিতে বলা হয়, দিতে পারব না। মা-বাবার জন্মদিন কবে, জানিই না। মৃত্যুদিনটা জানি। অত দিনের পুরনো নথি আমার কাছেই নেই, সাধারণ মানুষের কাছে কীভাবে থাকবে?