বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছে চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর চ্যারিটেবল ফাউন্ডেশন ও চট্টগ্রাম মাহানগর আওয়ামী লীগ।
বুধবার দুপুরে অনুষ্ঠিতব্য এই মেজবানে ৪০ হাজার মানুষের খাবারের ব্যবস্থা ছিলো। দেশের বিভিন্ন জেলা থেকে টুঙ্গিপাড়ায় আগত শোকার্ত মানুষ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের পর মেজবানে অংশ নেন। গত বছরও মেজবানে প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধূরী ৪০ হাজার মানুষকে আপ্যায়ন করেন।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী জানান , টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ৩০ হাজার মুসলিম ধর্মাবলম্বীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। এ জন্য মঙ্গলবার ২০টি গরু জবাই করা হয়। এখানে ছিলো ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, সাদা ভাত, চনার ডাল দিয়ে লাউ আর নলির ঝোল।
তিনি আরো জানান, বালাডাঙ্গা এস.এম মুসা হাই স্কুল মাঠে অন্যান্য ধর্মাবলম্বী ১০ হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়। তাদের খাবারের মেন্যুতে ছিলো মুরগি, সাদা ভাত ও লাউ দিয়ে চনার ডাল ।
IMG0
মেজবানের আয়োজন করতে বাবুর্চি নিয়ে ৪০ সদস্যের একটি টিম সোমবার টুঙ্গিপাড়ায় পৌঁছে বলে জানান এবিএম মহিউদ্দিন চৌধুরীর এপিএস মোহাম্মদ ওসমান গনি।
ওসমান গনি বলেন, ২০টি গরু ও দেড় হাজার বড় মুরগি, চাল, ডাল,মসলা, জ্বালানী ক্রয়সহ আয়োজনের সব কাজে টুঙ্গিপাড়ার নেতা কর্মীরা আন্তরিকভাবে সহায়তা করেছে।
১৯৮৪ সাল থেকে টুঙ্গিপাড়ায় মহিউদ্দিন চৌধুরী ১৫ আগস্ট উপলক্ষে মেজবান শুরু করেন বলে জানান তিনি। মেজবান সফল করতে মহিউদ্দিন চৌধুরী স্ত্রী হাসিনা মহিউদ্দিন ও ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে প্রায় ৫০০ নেতাকর্মী চট্টগ্রাম থেকে ১৫ আগস্ট ভোরে টুঙ্গিপাড়া এসে পৌঁছান।
বুধবার সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানানোর পর মহিউদ্দিন চৌধুরী চ্যারিটেবল ফাউন্ডেশন ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন, কোনারখানী ও মিলাদ শেষে আনুষ্ঠানিকভাবে দুপুরের আগেই টুঙ্গিপাড়ায় মেজবান শুরু করা হয়।
ইত্তেফাক/জেডএইচ