পাবনায় নানা কর্মসূচির মধ্যদিয়ে শোক দিবস পালন

বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, জেলাপ্রশাসন, জেলা পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচির মধ্য দিয়ে পাবনায় দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম জাতীয় শোক দিবস পালন করে। 
 
এ উপলক্ষে বুধবার সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনায়’ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমানসহ মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো। 
 
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোক র‌্যালি বের হয়। সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়।  
 
জেলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে। 
 
ইত্তেফাক/জেডএইচ