বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নীলফামারীতে দিনব্যাপী আয়োজন

নানা আয়োজনে নীলফামারীতে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৫ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি শোকর‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নীলফামারী জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগসহ সরকারি স্কুল ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। 
 
এরপর জেলা প্রশাসক নাজিয়া শিরিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, সাবেক সাংসদ জোনাব আলী, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, মুক্তিযোদ্ধা ফজলুল হক, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া আলীম,  উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী প্রমূখ উপস্থিত ছিলেন।
 
এ উপলক্ষে  দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। সকালে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, কালোব্যাচ ধারণ, শোক সভা, কোরআনখানি, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
 
ইত্তেফাক/নূহু