বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে রামগড়ে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, পৌরসভা ও স্থানীয় আওয়ামী লীগ পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।
সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে শোক র্যালি বের হয়। উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ শোক র্যালির নেতৃত্ব দেন। প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেক পার্কে শেষ হয় র্যালি। পরে লেকপার্ক প্রাঙ্গনে বিজয় ভাস্কর্য বেদীতে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপজেলা প্রশসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহি অফিসার এ পুষ্প শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
রামগড় থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ তারেক মোঃ আব্দুল হান্নান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, রামগড় মাদ্রাসা, একটি বাড়ি একটি খামার প্রকল্প অফিস, রামগড় কাঠ ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সংগঠন পুষ্প স্তবক অর্পন করে।
বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলফিকার আলি ফিরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মোঃ আব্দুল হান্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা প্রমুখ।
আলোচনাসভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে যুব ও যুব নারীদের মাঝে ঋণ বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করে।
রামগড় পৌরসভা জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে। সকালে পৌর ভবন থেকে একটি শোক শোভাযাত্রা বের হয়ে লেকপার্কে বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে শেষ হয়। পরে বিজয় ভাস্কর্য বেদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন পৌর কাউন্সিলরদের নিয়ে এ পুষ্পস্তবক অর্পন করেন।
বেলা সাড়ে ১১টায় পৌর ভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র্যালি, আলোচনাসভা ও কাঙ্গালি ভোজ প্রভৃতি কর্মসূচি পালন করা হয়।
সকালে দলীয় কার্যালয় হতে শোক র্যালি বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি লেক পার্কে শেষ হয়। সেখানে বিজয় ভাস্কর্য বেদীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন দলীয় নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ইউপি চেয়ারম্যার শাহ আলম মজুমদার। বক্তব্য রাখেন সাবেক এমপি একেএম আলীম উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব কাজী নুরুল আলম, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, সাবেক ইউপি চেয়ারম্যান মো: মজিবুর রহমান, পৌরসভার কাউন্সিলর ও যুবলীগ নেতা শামিম মাহমুদ, রফিকুল ইসলাম কামাল, ফারুক আহমেদ, রাজু মারমা, দেলোয়ার হোসেন প্রমুখ।
আলোচনাসভা শেষে শিল্পী কমিউনিটি সেন্টারে এক কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।
এছাড়া উপজেলা আওয়ামীলীগ সকালে দলীয় অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার করে।
ইত্তেফাক/নূহু