সখীপুরে নিখোঁজের ৫ দিন পর যুবকের লাশ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের পাঁচদিন পর বনের ভেতর থেকে রাজিব আহমেদ (২৬) নামের এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কুতুবপুর শাপলা পাড়া গ্রামের গজারি বনের ভেতর থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার সেন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
 
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজিব আহমেদ গত শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে ব্যর্থ হয়। পরে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা একই গ্রামের গজারি বনের ভেতর ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়। 
 
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. তুহীন আলী বলেন, লাশের গায়ে লাল রঙের শার্ট দেখে পরিবারের লোকজন নিশ্চিত হয়েছেন পাঁচদিন আগে নিখোঁজ হওয়া তাদের সন্তান রাজিব আহমেদের লাশ। 
 
ওসি ওই পরিবারের উদ্বৃতি দিয়ে আরও জানান, নিহত রাজিব মানসিক ভারসাম্যহীন ছিলেন। এর আগেও বাড়ি থেকে কয়েকবার নিখোঁজ হয়েছেন তিনি। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। 
 
ইত্তেফাক/কেকে