সাভারে অপহৃত প্রবাসীকে উদ্ধার, নারীসহ গ্রেফতার ৬

সাভারে এক প্রবাসীকে অপহরণের ঘটনায় এক নারীসহ ছয় অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনব্যাপী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী পৌর এলাকার লালটেক মহল্লায় অভিযান চালিয়ে অপহৃত জাহিদ হোসেনকে (৩০) অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
  
গ্রেফতারকৃতরা হলো- কক্সবাজার জেলার মহেশ খালী থানার চান্দুর চর এলাকার সেলিম হোসেনের ছেলে আবির (২৬), গাজীপুর জেলার কাপাসিয়া থানার জাকিয়া গ্রামের আবদুল রহমানের ছেলে ফয়সাল খান (২৮), শরিয়তপুর জেলার জাজিরা থানার রামকৃষ্ণপুর গ্রামের মোঃ খোকনের ছেলে স্বপন (২৫), পাবনা জেলার ইশ^রদী থানার আশনা গ্রামের আব্দুর রহিম তুফানের ছেলে মৃদুল হাসান (২৪), নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকার মনোয়ার হোসেনের স্ত্রী শ্রাবনী ইসলাম রুবা (৩৮) এবং সাভার পৌর এলাকার চাপাইন মহল্লার আবুল কালামের ছেলে মোঃ মারুফ হোসেন (২৫)। উদ্ধার হওয়া জাহিদ হোসেন সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার খলিল মিয়ার ছেলে। 
 
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট বিকেলে সাভার সিটি সেন্টারের সামনে থেকে কৌশলে চেতনা নাশক ওষুধ দিয়ে প্রবাসী জাহিদকে অচেতন করে নিয়ে যায় অপহরণকারীরা। এঘটনায় অপহৃতের পরিবার গত ১৪ আগষ্ট সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।  
 
এঘটনায় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল বুধবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ওই ছয় জনকে গ্রেফতার করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শ (এসআই) ইবনে ফরহাদ। 
 
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অপহরণের সাথে আরো কেউ জড়িত আছে কিনা এবং কেন এ অপহরণের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 
 
ইত্তেফাক/এমআই