নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে শোক ব্যালি বের করে। শোক র্যালিতে সাংসদ হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক মোঃ রাব্বি মিয়া, পিপি ওয়াজেদ আলী খোকনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২ নং রেল গেইটে আওয়ামী লীগ কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন এড. খোকন সাহা, আনিসুর রহমান দিপু, মনিরুজ্জামান মনির প্রমুখ।
এদিকে নারায়ণগঞ্জে এই প্রথম বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর সঙ্গে শেখ জামাল ও শেখ রাসেলের শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। নারায়ণগঞ্জ সদর-বন্দর আসনের সাংসদ একেএম সেলিম ওসমান এই প্রথম এ ধরনের উদ্যোগ নেন। নিজ অর্থায়নে বঙ্গবন্ধু স্কুল, শেখ রাসেল স্কুল, শেখ জামাল স্কুলে এ আয়োজন করা হয়। সাংসদ সেলিম ওসমান নিজ অর্থায়নে বঙ্গবন্ধু স্কুলে বঙ্গবন্ধু অডিটোরিয়াম করার ঘোষণা দেন। একইসঙ্গে আলীরটেকে শেখ রাসেল স্কুলে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্ব পালনসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে সকলকে ভূমিকা পালনের আহবান জানান।
ইত্তেফাক/নূহু