সরকারবিরোধী আন্দোলনকারীদের মুক্তির দাবিতে নিকারাগুয়ায় বিক্ষোভ

আটক সরকারবিরোধী আন্দোলনকারীদের মুক্তির দাবিতে নিকারাগুয়ার রাজধানীতে বুধবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। গত চার মাসে এই সরকার বিরোধী বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
খবরে বলা হয়, বিক্ষোভকারীরা ‘রাজনৈতিক বন্দিদের মুক্তি চাই’ বলে স্লোগান দেয়। তারা ৭২ বছর বয়সী সাবেক গেরিলা নেতা প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার পদত্যাগের দাবি জানায়। তিনি গত ১১ বছর ধরে দেশটির ক্ষমতা আঁকড়ে আছেন।
 
গত মাসে একটি আইন পাশ হয়েছে। এর আওতায় বিক্ষোভকারীদের সন্ত্রাসবাদের অভিযোগ এনে ২০ বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে। বিক্ষোভকারীরা আইনটির বিরোধীতা করে আসছে।
 
আইনটি ওর্তেগার বিরোধীদের দমনের একটি হাতিয়ার হিসেবে মনে করা হচ্ছে।
 
উল্লেখ্য, এপ্রিল মাসের মাঝামাঝি থেকে নিকারাগুয়া সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে আছে। বিক্ষোভকারীদের ওপর পুলিশ ও আধা-সামরিক বাহিনীর সদস্যদের সহিংস হামলায় তিন শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে। -বাসস
 
ইত্তেফাক/ জেআর