উল্লাপাড়া উপজেলার গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মতিনকে বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনায় প্রাথমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক উল্লাপাড়ার নাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাকে বদলি করে। গত ৪ আগস্ট এ ব্যাপারে একটি পত্রিকায় ‘উল্লাপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
গোলকপুর গ্রামবাসী ও উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আব্দুল মতিনের বিরুদ্ধে স্কুলের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের এবং গাছ বিক্রির মোট ৭৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিস ও সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস পৃথকভাবে তদন্ত করলে এ সকল অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ ব্যাপারে উভয় অফিস থেকে চলতি মাসের প্রথম সপ্তাহে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন পাঠানো হয়।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা এম জি মাহমুদ ইজদানী জানান, তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে রাজশাহীর উপ-পরিচালক আব্দুল মতিনকে গত ১২ আগস্ট তার কর্মস্থল থেকে নাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশাসনিক বদলি করেছেন। ১৪ আগস্ট গোলকপুর প্রাথমিক বিদ্যালয়ে আব্দুল মতিনের শেষ কর্ম দিবস ছিল বলে উল্লেখ করেন শিক্ষা কর্মকর্তা।
ইত্তেফাক/জেডএইচ