রাজবাড়ীর সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামে হাজেরা বেগম (৪৮) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী তমিজউদ্দিন বলেন, আমার দুই ছেলে প্রবাসে থাকে। বাড়িতে আমি, আমার স্ত্রী, এক ছেলের বউ স্বপ্না ও চার বছর বয়সী নাতি থাকি। বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে আমি আলাদা ঘরে ঘুমিয়ে পড়ি এবং আমার স্ত্রী, ছেলের বউ ও নাতি আরেকটি ঘরে ঘুমায়। রাত সাড়ে ১২টার দিকে ছেলের বউ স্বপ্না চিৎকার করে ডাক দিলে আমার ঘুম ভাঙে। এসময় আমি ওই ঘরে গিয়ে দেখি খাটের ওপর আমার স্ত্রীর গলাকাটা লাশ পড়ে আছে এবং ছেলের বউ স্বপ্নার দুই হাতে কোপের চিহ্ন রয়েছে।
তিনি বলেন, আমার কারো সঙ্গে কোনো শত্রুতা নেই। এ ঘটনা কারা ঘটিয়েছে তা ধারণাও করতে পারছি না।
রাজবাড়ী সদর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলের বউ স্বপ্নাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/এএম