ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় স্কুল-কলেজ মাঠ দখল করে বসানো হয়েছে কোরবানীর পশুর হাট। প্রভাবশালী ইজারাদাররা কাউকে তোয়াক্কা না করেই পশুর হাট বসানোয় নষ্ট হচ্ছে বিদ্যালয় মাঠের সৌন্দর্য। নষ্ট হচ্ছে পরিবেশ।
উপজেলার কান্দানিয়া উচ্চ বিদ্যালয় ও কান্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ইজারাদার জুলহাস বসিয়েছে কোরবানীর পশুর হাট। এছাড়া আছিমের শাহাবুদ্দিন ডিগ্রী কলেজ মাঠ, বরুকা উচ্চ বিদ্যালয় ও মোহাম্মদনগর উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে বসানো হয়েছে কোরবানীর পশুর হাট। বরুকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নিজেই বসিয়েছেন কোরবানীর পশুর হাট।
কান্দানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা আকতার বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর বিষয়টি শুনেছেন উল্লেখ করে বলেন, আমাকে আনুষ্ঠানিকভাবে কেউ কিছুই জানায়নি।
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার লীরা তরফদার জানান, বিদ্যালয়ের মাঠ দখল করে পশুরহাট বসানো ইজারাদারদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
ইত্তেফাক/কেআই