ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে শুক্রবার সকালে ছিল তীব্র যানজট। যানজটের কবলে নাকাল হয়ে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। শুক্রবার ভোর থেকে মহাসড়কের ভবের চরে এ যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ের পুলিশের একাধিক টিমকে কাজ করতে দেখা গেছে।
আগামী রবিবার রাত থেকে ৩ দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক চলাচল নিষিদ্ধ থাকায় সকাল থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানের কারণে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। তীব্র গরমে এ রোডের যাত্রীরা দুর্ভোগে পড়ে।পরে দুপুর ১ টার পর থেকে যানজট ক্রমশ কমতে থাকে। মহাসড়কে গাড়ির চাপ বেশি থাকায় গাড়ি চলছে থেমে থেমে।
IMG0
গজারিয়া হাইওয়ে থানা পুলিশের এক কর্মকর্তা জানান, শুক্রবার ছুটির দিন হওয়ায় ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়াংশে যানবাহনের চাপ বাড়তে থাকলে যানজট সৃষ্টি হয়। চার লেনের যানবাহনগুলো যখন ডাবল লেনের (মেঘনা) সেতুতে উঠতে যায় তখন যানবাহনগুলোকে ধীরগতিতে সেতুতে উঠতে হয়। ফলে মহাসড়কে যানজটের মাত্রা বেড়ে যায়। এ ছাড়া মহাসড়কে শুক্রবার ট্রাকের সংখ্যা অন্যদিনের চেয়ে বেশি হওয়ায়ও কিছু সমস্যা হয়েছে। যানজট নিরসনে হাইওয়ের পুলিশের সদস্যরা কাজ করছে।
ইত্তেফাক/বিএএফ