যশোর-২ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির বলেছেন, বঙ্গবন্ধুর হত্যা মামলা ও যুদ্ধাপরাধীদের রায় বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের দায়মুক্তি হয়েছে। ইতিহাস কোনদিন কাউকে ক্ষমা করেনি। ইতিহাসের কুলাঙ্গার হিসাবে যারা দেশ ও জাতির সঙ্গে বেঈমানী করেছে, পৃথিবীর সকল দেশে তাদের বিচার হয়েছে। বঙ্গবন্ধুর খুনিরা এখনও যারা দেশের বাইরে আছে, তাদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে বিচার করা হবে।
বৃহস্পতিবার বিকালে যশোরের ঝিকরগাছা উপজেলার শিত্তরদাহ হাই স্কুল মাঠে নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের আসার পর তাকেও হত্যার জন্য বার বার চেষ্টা করা হয়েছে। আল্লাহর রহমতে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি। এখনও দেশি বিদেশি চক্রান্ত চলছে। আমাদের ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্তের জবাব দিতে হবে। এবং সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে আগামী সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করে শেখ হাসিনাকে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার আব্দুল খালেকের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের আজাদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, নাভারন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, নির্বাসখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ শাহাদৎ হোসেন, যুগ্মসম্পাদক গাজী গোলাম মোস্তফা ও শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আসলাম আলী, নুরুল হুদা মিন্টু, গোলাম মোস্তফা, শফিউদ্দীন, লিয়াকত আলী, সাবেক ছাত্রনেতা লোটাস জোহা, শেখ ইমরান হোসেন, মোমিনুর রহমান সুমন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি