রাজশাহীতে মাদক ব্যবসা ও সেবনে বাধা দেয়ায় আব্দুর রাজ্জাক (৩০) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেলে কলেজ (রামেক) হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি নগরীর শিরোইল কলোনির হাজরাপুকুর এলাকার মো. ইসলামের ছেলে।
রাজ্জাকের সহোদর ভাই শাহিন জানান, গত ৬ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে তার ভাইকে চা খাওয়ার কথা বলে একই এলাকার মানিক, খায়রুল, সুমন, জ্যাকি, মোহন, রাসেল ও মাসুম বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা কলোনির হাজরাপুকুর এলাকায় জিয়াই পাইপ, রড দিয়ে পিটিয়ে আহত করে রাজ্জাককে ফেলে রেখে যায়। পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে।
শাহিন আরও জানান, রাজ্জাক যাদের নাম বলেছে তারা এলাকায় মাদক সেবন ও ব্যবসা করেন। প্রতিদিন তারা এলাকায় মাদকের আসর বসায়। রাজ্জাক এলাকায় এ ধরণের মাদক সেবনের আসর বসাতে নিষেধ করেছিলেন। না হলে র্যাবে খবর দিয়ে সকলকে ধরিয়ে দেয়ার ভয়ও দেখিয়েছিলেন। এর জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে জখম করা হয় বলে দাবি করেন শাহিন।
রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) ময়নাতদন্ত শেষে দুপুরের পর আব্দুর রাজ্জাকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিকেলে স্থানীয় গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
অন্যদিকে নগরীর চন্দ্রিমা থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাজ্জাক মারা যাওয়ার আগে পুলিশকে আটজনের নাম বলেছেন। এ নিয়ে আগেই থানায় মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হবে।
ইত্তেফাক/আরকেজি