চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকার মা ও শিশু হাসপাতালের সামনে অষ্টম শ্রেণী পড়ুয়া কিশোর ইমতিয়াজ হাসান মাহিন খুন হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘাতক মোহাম্মদ শাহেদকে গ্রেফতার করেছে। একইসঙ্গে হত্যাকাণ্ডেে ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে।

নিহত মাহিন কলকাকলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তার বাবা মোহাম্মদ ইলিয়াস সরকারি চাকুরে। তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে। তারা ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকে।

ঘাতক শাহেদের বাড়ি চট্টগ্রামের বাইরে। সে দোকান কর্মচারি হিসেবে কাজ করে।

ডবলমুরিং থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহির উদ্দিন ইত্তেফাককে জানান, মা ও শিশু হাসপাতালের সম্মুখে একটি দোকানের সামনে মাহিন বন্ধুদের সঙ্গে প্রায় আড্ডা দিত। এ সময় সে ওই দোকান কর্মচারি শাহেদের সঙ্গে ঠাট্টা মশকরাও করতো। গতকাল শাহেদের সঙ্গে ঠাট্টা মশকরার এক পর্যায়ে উত্তেজিত হয়ে মাহিনকে দোকান থেকে ছুরি নিয়ে আঘাত করে শাহেদ। স্থানীয় লোকজন এ সময় শাহেদকে ধরে ফেলে। তারা মাহিনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা সেখানে তাকে মৃত ঘোষণা করে।

ইত্তেফাক/নূহু