উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-নাম হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই নারীর বিরুদ্ধে ‘পর্যাপ্ত প্রমাণ’ পাওয়ায় তাদের বিচার চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মালয়েশীয় আদালতের এক বিচারক।
গত বছরের ফেব্রুয়ারিতে কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষমাণ নামকে বিষাক্ত ভিএক্স নার্ভ এজেন্ট দিয়ে হত্যা করা হয়েছিল। সিতি আইশাহ ও ডোয়ান থি হুয়ংয়ের বিরুদ্ধে নামের মুখে গ্যাস মেখে দেওয়ার অভিযোগ আনা হলেও শুনানিতে দুই নারী নিজেদের নির্দোষ দাবি করেছিলেন।
সিসিটিভি ফুটেজে দুই নারীকে সন্দেহ করার ‘যথেষ্ট প্রমাণ’ আছে জানিয়ে বৃহস্পতিবার বিচারক মামলাটি এগিয়ে নেওয়ার আদেশ দেন। দোষ প্রমাণিত হলে ইন্দোনেশীয় ও ভিয়েতনামী এ দুই নারীর মৃত্যুদণ্ডও হতে পারে।
দুইজন এর আগে বলেছিলেন, টেলিভিশনের কৌতুক অনুষ্ঠানের দৃশ্যায়ন হচ্ছে মনে করে নামের মুখে ওই পদার্থ মাখিয়ে দিয়েছিলেন তারা; এটি যে বিষাক্ত গ্যাস তা জানতেন না বলেও দাবি তাদের।
কিন্তু বৃহস্পতিবারের শুনানিতে বিচারক সে যুক্তি উড়িয়ে দিয়ে বলেন, সিসিটিভি ফুটেজে দেখা দুই নারীর কর্মকাণ্ডে তারা যে নামকে হত্যার উদ্দেশ্যেই এসব করেছিলেন সে ধারণা করার যথেষ্ট কারণ আছে।
নাম খুনের এ মামলায় সিতি ও ডোয়ান ছাড়াও উত্তর কোরিয়ার চার নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন মালয়েশিয়ার সরকারি কৌঁসুলিরা। -রয়টার্স
ইত্তেফাক/ জেআর