ভাইরাস সংক্রমণ
স্পোর্টস রিপোর্টার
হঠাত্ অসুস্থ হয়ে পড়া পাকিস্তানী লেগস্পিনার শাদাব খান ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করতে যাচ্ছেন। পরীক্ষার পর দেখা গেছে, তিনি ভাইরাস সংক্রমণে ভুগছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড শনিবার এই খবর নিশ্চিত করেছে। তার বদলি হিসেবে মূলত টেস্টে খেলতে অভ্যস্ত লেগস্পিনার ইয়াসির শাহর নাম ঘোষণা করা হয়েছে।
বিশ্বকাপকে সামনে রেখে শাদাবকে অন্তত চার সপ্তাহ বিশ্রাম নিতে হবে বলে জানা গেছে। পিসিবি সেই সাথে শাদাবের জন্য একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছে। যিনি সার্বক্ষণিক শাদাবের খোঁজখবর রাখবেন এবং তাকে সেরে উঠতে সহায়তা করবেন।
শাদাবের বদলে ইয়াসিরকে হয়তো ওয়ানডে খেলতে নেমে যেতে হতে পারে। এ পর্যন্ত ২৪ ওয়ানডেতে ২৩ উইকেট শিকার করেছেন ইয়াসির। তবে ইংল্যান্ড তার জন্য অসাধারণ একটা জায়গা। ২০১৬ সালে এই ইংল্যান্ড সফরে চার টেস্টে ১৯ উইকেট শিকার করেছিলেন তিনি। বিশ্বকাপের ২৩ সদস্যের দলে থাকা ইয়াসির আজ পাকিস্তান দলের সাথে ইংল্যান্ডে রওনা দেবেন।
২০১৭ সাল থেকে নিয়মিত ওয়ানডে খেলা শাদাব এ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৩৪ ওয়ানডেতে ৪৭টি উইকেট শিকার করেছেন। বিশ্বকাপে তাকে নিশ্চয়ই মিস করতে চাইবে না পাকিস্তান। বিশ্বকাপের আগে ইংল্যান্ডে একটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে পাকিস্তান দল।