তিন বছর পর ফিরলেন হামিদ

আফগানিস্তানের বিশ্বকাপ দল

স্পোর্টস রিপোর্টার

প্রায় তিন বছর আগে শেষ ওয়ানডে খেলেছেন হামিদ হাসান। এই পেসারকে বিশ্বকাপের দলে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের মাত্র কয়েক দিন আগে অধিনায়ক পরিবর্তন করায় বোর্ডের সমালোচনা করেছিলেন খোদ রশীদ খান ও মোহাম্মদ নবি। তারপরও সেই গুলাবদিন নাইবকেই বিশ্বকাপের অধিনায়ক ঘোষণা করা হয়েছে।

হামিদ হাসান মূলত ইনজুরিতে ভুগে গত তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন। ২০১৬ সালের জুলাই মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো ওয়ানডে খেলেছেন তিনি। এরপর থেকে গোড়ালি, হাঁটু ও থাইয়ের ইনজুরিতে ভুগেছেন তিনি। ২০১৭ সালের পর থেকে প্রথম শ্রেণির ক্রিকেটও খেলেননি হামিদ। গত ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আফগানিস্তান দলে ফিরেছিলেন। এরপর আবার ইনজুরিতে পড়েছিলেন। ক্যারিয়ারে ৫৬টি ওয়ানডে উইকেট শিকার করা হামিদ ছিলেন ২০১৫ সালে আফগানিস্তানের বিশ্বকাপ অভিযানে উজ্জ্বল পারফরমার। সেই আসরে ৮ উইকেট নিয়েছিলেন হামিদ।

প্রধান নির্বাচক দাওলাত খান আহমেদজাই হামিদের অন্তর্ভুক্তির ব্যাখ্যা দিয়ে বলেছেন, ‘হামিদ হাসানের মতো সিনিয়র একজন বোলারের দলে ফেরা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। তবে সামনের অনুশীলন ম্যাচগুলোতে তার ফর্ম ও ফিটনেস বিবেচনায় নেওয়া হবে।’

এর মধ্যে আফগানিস্তান দলে জায়গা হয়নি জহির খান, ইকরাম আলিখিল, কারিম জানাত, সৈয়দ শিরজাদ, জাভেদ আহমাদি, শাপুর জাদরান ও ফারিদ মালিকের। এরা সবাই সম্প্রতি শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আফগানিস্তান দলের অংশ ছিলেন। তবে ইকরাম, জানাত ও শিরজাদকে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে।

তবে এতো কিছুর মধ্যেও অসন্তোষ রয়ে গেছে অধিনায়ক নিয়ে। দলটির গত বেশ কিছু দিন ধরে অধিনায়ক ছিলেন আসগর আফগান। বিশ্বকাপের আগে আগে এসে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় প্রকাশ্যে সমালোচনা করেছিলেন মোহাম্মদ নবি ও রশীদ খান। কিন্তু তাদের কথা শেষ পর্যন্ত রাখা হয়নি। গুলাবদিন নাইবকেই অধিনায়ক রাখা হয়েছে। তবে আসগর আফগানও দলে সুযোগ পেয়েছেন।

দলের মূল ব্যাটসম্যান হিসেবে আছেন মোহাম্মদ শাহজাদ, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান ও আসগর আফগান। রশীদ ও নবি দলের দুই শীর্ষ স্পিনার। সেই সাথে তারা ব্যাটেও অবদান রাখতে পারবেন। এর সাথে তৃতীয় স্পিনার থাকছেন মুজিব উর রহমান। হামিদ হাসানের সাথে শীর্ষ দুই পেসার হিসেবে থাকছেন দৌলত জাদরান ও আফতাব আলম। 

আফগানিস্তান দল

গুলবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), নুর আলি জাদরান, হজরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমতউল্লাহ শাহিদি, নাজিবউল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবি, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান, মুজিব উর রহমান।