বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেকশন লিডারশিপ কোর্সে প্রশিক্ষণরত পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরমান আলী (৬৫) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে তার মৃত্যু হয়।
আরমান আলী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার জাকির হোসেনের ছেলে। তিনি পুলিশের ৫ এপিবিএন ঢাকায় সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি প্রশিক্ষণ নিতে তিনি সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন।
সারদা পুলিশ একাডেমির সিনিয়র সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন আহম্মেদ জানান, আরমান আলী পুলিশের ৫ এপিবিএন ঢাকায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন। ১২ আগস্ট তিনি সেকশন লিডারশিপ কোর্সে প্রশিক্ষণ গ্রহণের জন্য সারদা পুলিশ একাডেমিতে যোগদান করেন।
এরপর শনিবার পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ গ্রহণের সময় হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান আরমান আলী। তাৎক্ষণিক সারদা পুলিশ একাডেমি হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরমান আলীকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি