ঝিনাইদহে সেনা সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতভর সদর উপজেলা ও চুয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়া।
পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত রাতে সদর উপজেলার বোড়াই গ্রাম থেকে মিজানুর রহমান ও চুয়াডাঙ্গার বদরগঞ্জ থেকে আকিমুল ইসলাম নামের দুই জনকে গ্রেফতার করা হয়। পরে আকিমুলের দেওয়া তথ্য মতে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাঁসুয়া।
শনিবার রাতে বদরগঞ্জ বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের হাওনাঘাটা মাঠে একদল দুর্বৃত্ত সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে। রাতেই নিহতের পিতা হাবিবুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করে। নিহত সাইফুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইলে সেনানিবাসের মেডিকেল কোরে সৈনিক পদে কর্মরত ছিলেন।
ইত্তেফাক/মোস্তাফিজ