ধুনটে বালুবাহী ট্রাকের চাপায় গৃহবধূ নিহত

বগুড়ার ধুনট উপজেলায় বালু বোঝাই ট্রাকের চাপায় নাজমা খাতুন (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত নাজমা খাতুন সিরাজগঞ্জ সদরের কুড়ালিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। দুর্ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি গ্রামের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম পরিবার পরিজন নিয়ে বগুড়ার শেরপুর শহরে ভাড়া বাসায় থাকেন। রবিবার সকালের দিকে রফিকুল স্ত্রীকে নিয়ে মোটর সাইকেল করে গ্রামের বাড়ি থেকে শেরপুর শহরের দিকে রওনা হন। পথিমধ্যে বেলকুচি গ্রামের মোড়ে বালু বোঝাই ট্রাকটি অতিক্রম করার সময় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নাজমা খাতুনের মৃত্যু হয়। এসময় রাস্তার পাশে খাদে পড়ে মোটরসাইকেল চালক রফিকুল ইসলাম আহত হন। সংবাদ পেয়ে থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে চাঁন মিয়া (৪৮) নামে ট্রাক চালককে আটক করেছে। আটক চাঁন মিয়া শেরপুর উপজেলার বাগড়া গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।
 
চাঁন মিয়া বলেন, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট এলাকা থেকে বালু নিয়ে শেরপুর শহরের দিকে রওনা হই। পথিমধ্যে বেলকুচি মোড়ে পিছন দিক থেকে আসা মোটর সাইকেলটি আমার ট্রাক অতিক্রম করছিল। এসময় সড়কের ভাঙ্গা স্থানে ঝাঁকি লেগে মোটর সাইকেলের পিছন থেকে মেয়েটি পড়ে ট্রাকের সাথে ধাক্কা লেগে মারা গেছে।
 
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান বলেন, দুর্ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ