গোপালগঞ্জে ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার আড়পাড়া ব্রিজ সংলগ্ন সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সমসপুর গ্রামের আব্দুর রহমান খানের ছেলে হানিফ ওরফে ফরিদ খাঁন (৪৫), আড়পাড়া গ্রামের ইয়ার আলী শেখের ছেলে দাউদ শেখ ওরফে আল মামুন (৪০), একই গ্রামের পিয়ার আলী শেখের ছেলে ইমরান শেখ (৩৫) ও বলুগ্রামের রোকন তালুকদারের ছেলে সজল তালুকদার (২৫)।
কাশিয়ানী থানার ওসি মো আজিজুর রহমান জানান, গ্রেফতারকৃতরা শনিবার রাতে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা গ্রামের কুদ্দুস ব্যাপারীর বাড়িতে ডাকাতি করে। পালানোর সময় কাশিয়ানী উপজেলার আড়পাড়া এলাকায় কাশিয়ানী থানার টহলরত পুলিশের ডাকাত সদস্যদের গতিবিধি দেখে সন্দেহ হয়। পরে পুলিশ তাদেরকে তল্লাশি করে ডাকাতির বিভিন্ন মালামাল উদ্ধার করে। তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। রবিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
ইত্তেফাক/এমআই