নওগাঁর মান্দা ও মহাদেবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার পৃথক দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন ৪ যাত্রী। নিহতরা হলেন- রাজশাহীর তানোর উপজেলার বাউরি বিলি গ্রামের সামসুদ্দিদের ছেলে ও আবাস নামে এনজিও’র জেলার নিয়ামতপুর শাখার মাঠ কর্মী জাকিরুল ইসলাম(৩৫) ও অপরজন জেলার পোরশা উপজেলার ঘাটনগড় গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৩৬) এবং মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম গ্রামের নেপাল মন্ডলের ছেলে ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন (৬০)।
মান্দা: সকালে জাকিরুল ইসলাম নিয়ামতপুরে কাজ শেষে নিজ বাড়ি যাওয়ার জন্যে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে মান্দা-নিয়ামতপুর সড়কের বালুবাজার মোড় নামক স্থানে পৌঁছলে নওগাঁ থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জাকিরুল ইসলামের মৃত্যু হয়। থানা পুলিশ সংবাদ পেয়ে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার পর ট্রাকটি ফেলে চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে।
বিকেল ৫টার দিকে একই উপজেলার হাজির মোড়ে ভটভটি উল্টে যাত্রী মোশারফ হোসেন মারা গেছেন। তিনি সকালে গ্রামের বাড়ি থেকে রাজশাহী গিয়েছিলেন। রাজশাহীতে প্রয়োজনীয় কাজ শেষে বিকেলে গ্রামের বাড়ি ঘাটনগড়ে ফেরার পথে এই সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। ট্রাকটির চালক ও তার সহযোগীরা পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
মহাদেবপুর: উপজেলার মোল্লাকুড়ি-উত্তরগ্রাম সড়কের পবাপাতির মোড়ে সকাল ১১টায় ব্যাটারি চালিত অটো-চার্জার উল্টে আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন সিদ্দিক (৫৫) নামে আরেক যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমজাদ হোসেন অটো-চার্জার যোগে মহাদেবপুর থেকে উত্তরগ্রাম আসছিলেন। পথে পবাপাতির মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটো-চার্জার উল্টে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় আহত সিদ্দিককে উদ্ধার করে মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এমআই