গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঁদপুর শিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাজু মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
 
পুলিশ এতোদিন বলে আসছিল সাজু মিয়াকে পাওয়া যাচ্ছে না। আজ রবিবার সাজু মিয়া স্কুলে হাজিরা দিতে গেলে আগে থেকে সেখানে অবস্থান নেয়া র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা তাকে হাতেনাতে আটক করে। 
 
গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের ইনচার্জ হাবিবুর রহমান জানান, প্রধান শিক্ষক সাজু মিয়া নিয়মিত স্কুলে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে আসতো। স্কুলের শিক্ষক বা ব্যবস্থাপনা কমিটির কেউই এ ব্যাপারে কোথাও অভিযোগ করেনি। বিষয়টি তাদের নজরে এলে রবিবার র‌্যাব সদস্যরা অনুসরণ করে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।  
 
তিনি আরো জানান, গত ৩১ জুলাই ওই প্রধান শিক্ষক সাজু মিয়া স্কুল ছুটির পর ছাত্রীটিকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। সেসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ছাত্রীটির মুখে কাপড় গুজে তাকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি (মিতু আকতার) বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সে তার মাকে জানায়।
 
এঘটনা প্রকাশ হলে গত ৪ আগস্ট শনিবার দুপুরে এলাকার লোকজন ও নির্যাতিতার স্বজনরা বিদ্যালয় ঘেরাও করে ওই শিক্ষকের বিচার দাবি করে বিক্ষোভ করে। অবস্থা বেগতিক দেখে প্রধান শিক্ষক সাজু মিয়া বিদ্যালয় থেকে সেদিন পালিয়ে যায়।  খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ডাক্তারি পরীক্ষা ও জিজ্ঞাসাবাদের জন্য নির্যাতিতাকে থানায় নিয়ে যায়। পরে ধর্ষিতার মা বাদী হয়ে ওইদিন রাতেই গোবিন্দগঞ্জ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।  
 
ইত্তেফাক/কেকে