সাভারে প্রথম শ্রেণিতে পড়ুয়া ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটি স্থানীয় বেড়াইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। শুক্রবার দুপুরে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ পশ্চিমপাড়া এলাকার এক প্রবাসির বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিবার বিকেলে শিশুটির মা সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
শিশুটির মা জানান, শুক্রবার দুপুরে আমি ৭ বছরের মেয়েকে বাসায় একা রেখে পাশে আমার বাবার বাড়িতে গোসল করতে যাই। এ সময় এলাকার চিহ্নিত লম্পট মো. আলী টিভি দেখার ছলনায় আমাদের বাসায় আসে। পরে মেয়েটিকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। মেয়ের চিৎকার শুনে আমি দৌড়ে এসে ওই লম্পটকে পালিয়ে যেতে দেখি। এ সময় মেয়েটি ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। মেয়ের শারীরিক অবস্থার কথা চিন্তা করে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে দুইদিন চিকিৎসা নেয়ার পর রবিবার সাভার মডেল থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর পাশাপাশি ধর্ষককে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এমআই