‘দেশের মানুষ পেট্রোলবোমার রাজত্ব দেখতে চায় না’

দেশের মানুষ আর খালেদা জিয়ার পেট্রোলবোমার রাজত্ব দেখতে চায় না বলে মন্তব্য করেছেন  যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগাছা-ঝিকরগাছা আসনের অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির। তিনি বলেন, মানুষ জ্বালাও-পোড়াও দেখতে চায় না। পোড়া লাশের গন্ধ পেতে চায় না। মানুষ চায় শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের উন্নয়নের বাংলাদেশ।
 
রবিবার সকালে যশোরের চৌগাছার ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসে  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
মনিরুল ইসলাম বলেন, ৭১’র স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে একটি জাতির সোনালী স্বপ্নকে হত্যা করেছিল। যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল তারা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। 
 
তিনি আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন, নির্বাচনকে ঘিরে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র করছে বঙ্গবন্ধুর হত্যাকারীদের প্রেতাত্মারা।
 
এমপি মনির বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। ১৫ আগস্টের জাতীয় শোককে শক্তিতে রূপান্তর করে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আবারো জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার আহবান জানান তিনি।
 
ফুলসারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী চেয়ারম্যান। বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মিয়া, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুজ্জামান টিয়া, উপজেলা মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান ঢালী প্রমুখ।
 
ইত্তেফাক/জেডএইচ