পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে সে দেশের সেনাপ্রধানের সঙ্গে সহাস্য কোলাকুলি করে ভারতে তীব্র আক্রমণের মুখে পড়েছেন দেশটির সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজোত সিং সিধু। যদিও ইমরানের শপথ গ্রহণের অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া নিজে থেকেই এগিয়ে এসে ভারত থেকে আসা অতিথি সিধুকে জড়িয়ে ধরেছেন। অন্তত দুবার তাদের কোলাকুলি করতে দেখা যায়। হাসিমুখে বেশ কিছু কথাবার্তারও আদান-প্রদান হয় তাদের মধ্যে।
সিধুর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের সেই ছবি সামনে আসার পর থেকেই ভারতের সোশ্যাল মিডিয়াতে সিধুকে আক্রমণের মুখে পড়তে হচ্ছে। অনেকেই মন্তব্য করেছেন, শত্রু রাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ‘গলাগলি করে’ সিধু কাজটা মোটেই ভালো করেননি। অন্যদিকে হরিয়ানার বিজেপি সরকারের মন্ত্রী অনিল ভিজ মন্তব্য করেছেন, পাকিস্তানি সেনাপ্রধানকে জড়িয়ে ধরে সিধু নিজের দেশের সঙ্গে বেঈমানী করেছেন।
তবে সিধু বলেছেন, জেনারেল বাজওয়ার সঙ্গে তার শুধু শান্তি নিয়েই কথা হয়েছে। ভারতের একটি টিভি চ্যানেলকে সিধু বলেছেন, জেনারেল বাজওয়া এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরেন আর তারপরেই বলেন—আমি এমন একজন সেনাপ্রধান যে আসলে ক্রিকেটার হতে চেয়েছিল! উনি পরে বলেন, সিধু উই ওয়ান্ট পিস। এছাড়া পাকিস্তানের কর্তারপুরে যে গুরুদোয়ারা দরবারা সাহিব আছে সেখানে আগামী ২০১৯ সালে গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকীতে ভারতের শিখ তীর্থযাত্রীদের জন্য একটি করিডোর খোলা হবে বলে পাকিস্তানি সেনাপ্রধান তাকে কথা দিয়েছেন।