ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী হাইয়েস মাইক্রোবাস ও গরুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছে। এতে গুরুতর আহত ৭ জনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোর ৪ টার দিকে দুবাই থেকে আসা প্রবাসী মো. সবুজকে চট্টগ্রাম বিমানবন্দর থেকে নিয়ে তার পরিবারের লোকজন নোয়াখালীর লক্ষীপুরের উদ্দেশ্যে একটি হাইয়েস মাইক্রোবাস যোগে রওনা দিয়ে ফেনীর মুহুরীগঞ্জের মহাসড়কের নিকট ইউটার্ন নিচ্ছিল। এ সময় বিপরীত থেকে গরুবাহী একটি ট্রাক ছাগলনাইয়ার দিকে মোড় নিলে দ্রুতগামী মাইক্রোবাসটি এসে ট্রাকের সঙ্গে আঘাত করে। গাড়িটি দুমড়ে মুচড়ে রাস্তার বাইরে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৬ জন নিহত হন। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক শরিফ রহমান (৪২), জাহান আরা বেগম (৫০), রুমি (৩৫), পপি (১৩), শুভ (৮) ও রুমন (২)। তারা লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী গ্রামের সিরাজ মোল্লার পরিবারের সদস্য বলে জানা গেছে।
আহতরা হলেন- একই উপজেলার মৃত চৌধুরী মিয়ার ছেলে আব্বাস উদ্দিন (৩৭), মান্দারী গ্রামের নুরুজ্জামানের ছেলে রাজু (২২), লামছড়ি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রিয়াজ (২৪), আবুল কালামের ছেলে শাহ্ আলম (২২) ও আক্তার (৫০)। ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।
মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ি এএসআই মাহ্বুব জানান, গরুবাহী ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গাড়ির কাগজপত্র জব্দ করে গাড়ির মালিক ও চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।
এই মর্মান্তিক সড়ক দুঘর্টনায় ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান হাসপাতালে নিহত ও আহতদেরকে দেখতে গিয়ে নিহতদের জন্য ১০ হাজার টাকা ও আহতদের জন্য ৫ হাজার টাকার অনুদান প্রদান করার কথা জানিয়েছেন। এছাড়া আহতদের খোঁজ-খবর নিয়ে উন্নত চিকিৎসার জন্য তিনি ডাক্তারদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
ইত্তেফাক/এমআই