ড. জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুলের মায়ের জামিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসানের মা  মিনারা বেগমের জামিন মঞ্জুর করেন গত রবিবার সিলেট মহানগর দায়রা জজ মফিজুর রহমান ভুঞা। রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি মফুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় সাড়ে ৫ মাস পর আদালত থেকে জামিন পেলেন মিনারা বেগম।
 
একই আদালতে মামলার চার্জশিটভুক্ত আসামী সোহাগ মিয়া এবং ফয়জুলের মামা মো. ফজলুর রহমানের জামিনের আবেদন নামঞ্জুর হয়। গত ৩ মার্চ বিকেলে শাবি ক্যামপাসের মুক্তমঞ্চে ড. জাফর ইকবালকে পিছন দিক হতে ছুরিকাঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে ফয়জুল। এ ঘটনায় ফয়জুলসহ ছয়জন বর্তমানে জেল হাজতে রয়েছে। এর মধ্যে কেবল ফয়জুলের মা জামিন পেলেন বলে জানান এডভোকেট তোফায়েল আহমদ শামীম ও এডভোকেট বাবুল মিয়া।
 
ইত্তেফাক/এএম