ঝিনাইগাতীতে সড়ক দুর্ঘটনায় নৈশ প্রহরীর মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে অজ্ঞাত সিএনজি’র ধাক্কায় জয়নাল আবেদীন (৬৫) নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে শেরপুর-ঝিনাইগাতী সড়কের তেঁতুলতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
 
জয়নাল উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া কবিরাজ পাড়া গ্রামের মৃত সমজ উদ্দিনের ছেলে ও তেঁতুলতলা বাজারের নৈশ প্রহরী ছিলেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে তেঁতুলতলা বাজার পাহারারত অবস্থায় বাজার সংলগ্ন ইকরা বিদ্যা নিকেতন বিদ্যালয়ের সামনে নৈশ প্রহরী জয়নালকে হঠাৎ অজ্ঞাত এক সিএনজি ধাক্কা দেয়। সিএনজি’র ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 
ইত্তেফাক/বিএএফ