সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ পুলিশের এএসআই গ্রেপ্তার

র‌্যাব-১১ নারায়ণগঞ্জের জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বরখাস্তকৃত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সালাউদ্দিনকে তার ড্রাইভারসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোর রাত ৪টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার ও ড্রাইভার মো. রনিকে আটক করা হয়।
 
সোমবার বিকেলে র‌্যাব-১১ কার্যালয়ের এএসপি মো. নাজরুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গাড়ি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ লক্ষ ৮৩ হাজার ৩৫০ টাকা, ১টি ডিবি জ্যাকেট, ১টি পুলিশ আইডি কার্ড ও ৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
IMG0
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৩ জুলাই নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে সালাউদ্দিনের ভাড়া বাসায় ৫,৬০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৯,০০,৫০০ উদ্ধার করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে নিয়মিত মামলা রুজু করে। উক্ত মামলায় এএসআই সালাউদ্দিন পলাতক ছিল। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 
ইত্তেফাক/বিএএফ