খুলনায় ট্রেনে কাটা পড়ে গরু ব্যবসায়ী নিহত

খুলনায় কোরবানির গরু বিক্রি করে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে সরদার আবদুস সাত্তার নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে নগরীর জোড়াগেট কোরবানির পশুর হাট সংলগ্ন রেল লাইনে এ ঘটনা ঘটে। সাত্তারের বাড়ি ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামে।
 
খুলনা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আবদুস সাত্তার রাত ৮টার দিকে নগরীর জোড়াগেট পশুর হাটে গরু বিক্রি করে ডুমুরিয়ার উদ্দেশ্যে রওনা দেন। হাটের পাশে রেল লাইনের ওপর দাঁড়িয়ে তিনি মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/অারকেজি