সরকারি জমি দখলে নিয়ে সাইনবোর্ড লাগানোর সময় গ্রামবাসীর রোষানলে পড়েন মেহেরপুরের মুজিবনগর সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দীন। সোমবার বিকেলে উপজেলার ভবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন জানান, ভবেরপাড়া গ্রামে ভবের পাড়া মৌজার ১নম্বর খাস খতিয়ানের ১৭৬৭ দাগের ১৫ শতক একটি জমি দখলে নেওয়া হয় গত রবিবার। সেখানে লাল পতাকাও টাঙিয়ে দেওয়া হয়। সোমবার সন্ধ্যার আগে ওই জমিতে তফসিল সাইনবোর্ড লাগাতে গেলে মসজিদের পক্ষ থেকে বেলাল হোসেন ও তার স্ত্রী ফুলঝুড়ি বাধা দেন। এসময় সরকারি কাজে বাধা না দেওয়ার কথা বললে তারা মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকার নারী-পুরুষ একত্রিত হয়ে তার সরকারি গাড়ি আটকিয়ে দেন।
এসময় এসিল্যান্ড তাদের গাড়ি ছেড়ে দেওয়ার কথা বললে গ্রামবাসীরা তাতে কর্ণপাত করেনি। পরে তিনি গাড়ি থেকে নেমে উপজেলা নিজ কার্যালয়ে ফিরে যান। খবর পেয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাশেমের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখান গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে গাড়ি উদ্ধার করেন।
এসিল্যান্ড মেজবাহ উদ্দিন আরো জানান, সরকারি খাস খতিয়ানের জমি কোন প্রতিষ্ঠানকে দেওয়া যায় না। এই জমি শুধুমাত্র আবেদনের প্রেক্ষিতে ভুমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হয়।
গ্রামবাসীরা জানান, প্রায় ১৯৪০ সাল থেকে ১৫ শতক ওই জমি মসজিদের দখলে রয়েছে। ওখানে একটি ডোবা ছিল। সেটি মসজিদের টাকায় ভরাট করা হয়েছে। এখন জোর করে এটিকে দখলে নেওয়া হচ্ছে।
মুজিবনগর থানার ওসি মোহাম্মদ আব্দুল হাশেম বলেন, গ্রামবাসীরা ভুল বুঝে এসিল্যান্ডের গাড়ি আটকিয়ে ছিল। আমরা সেখানে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সেখান থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি