রংপুর মহানগরীতে ডাকাতির সময় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ডাকাত আলআমিন (৩২) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা সোমবার দুপুরে মারা গেছেন। তিনি নগরীর জুম্মাপাড়া পলিটেকনিক এলাকার সোলাইমানের ছেলে।
পুলিশ সূত্রে জানাগেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গত রবিবার রাত দেড়টার দিকে নগরীর লালবাগ বিএডিসি গোডাউনের সামনে অজ্ঞাত ৮/১০ জন ডাকাত রাস্তায় চলাচলরত অটোরিকশা, মোটরসাইকেল ও ছোট ছোট যানবাহন আটকিয়ে ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। পুলিশ তাদের ঘেরাও করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি ছুড়লে আল আমিন মারাত্মক গুলিবিদ্ধ হয়। বাকিরা সবাই পালিয়ে যায়। আহত অবস্থায় আলআমিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি শর্টগানের কার্তুজ, চাপাতি, চাইজিজ কুড়াল, ছোড়া ও বাঁশের লাঠি উদ্ধার করে।
রংপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোক্তারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ডাকাতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ৫টি মামলা রয়েছে। তিনি আরো জানান, এ বিষয়ে হত্যা, ডাকাতি ও অস্ত্র আইনে ৩টি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি