কিশোরগঞ্জে কালভার্ট ভেঙে যানচলাচল বন্ধ

কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা

কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সরঞ্জাবাড়ি-নগরবন  গ্রামীণ সড়কের উপর নির্মিত কালভার্টটি ভেঙে পড়ায় রবিবার বিকেল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে জানা গেছে, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ইসমাইল গড়েরপাড় গ্রামের বালু ব্যবসায়ী সেলিম মিয়া গত এক বছর যাবত যমুনেশ্বরী নদী থেকে অবৈধভাবে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন করে চাঁদখানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আইয়ুব আলীর বাড়ির সামনে বালুর স্তূপ করে রাখে এবং নদী থেকে উত্তোলন করে রাখা বালুগুলো প্রতিদিন মাহিন্দ্র ট্রাক্টরে করে অন্যত্র নিয়ে বিক্রি করছে। রবিবার বিকালে বালু বোঝাই একটি মাহিন্দ্র ট্রাক্টর কালভার্টটির উপর দিয়ে যাওয়ার সময় এটি ভেঙে যায়।

বালু ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, ট্রাক্টরে করে বালু নিয়ে যাওয়ার সময় কালভার্টটি ভেঙে যায়নি। রবিবার বিকেলে ওই সড়ক দিয়ে একটি ইটের ট্রাক এবং নদী খননের কাজে ব্যবহূত ভেকু নিয়ে যাওয়ার কারণে কালভার্টটি ভেঙে গেছে। তাছাড়া কয়েকদিন থেকে আমরা ওই সড়ক দিয়ে বালু নিয়ে যাচ্ছি না।

নদী খনন কাজের সাব ঠিকাদার হিজবুল্লাহ রহমান ডালিম বলেন, নদী খনন কাজের জন্য আনা ভেকু ওই সড়ক দিয়ে আনা হয়নি। আমি পাকা সড়ক দিয়ে ভেকু নিয়ে এসেছি। এ ব্যাপারে চাঁদখানা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ার খবর পেয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ভেঙে যাওয়া কালভার্টটি মেরামতের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।