আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকায় অন্তত নয়টি রকেট হামলা চালানো হয়েছে। হামলার সময় এই এলাকায় ঈদুল আযহার ছুটি শুরু উপলক্ষে বক্তব্য রাখছিলেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
এদিকে কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্র হামলাকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে কাবুলের পুরনো অংশে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়য়ের এক মুখপাত্র নাজিব দানিশ এএফপি’কে বলেন, আজ(মঙ্গলবার) সকালে একদল সন্ত্রাসী রেকা খানার একটি ভবন দখল করে নিয়েছে ও কাবুলের উদ্দেশ্যে কয়েকটি রকেট হামলা চালিয়েছে।
প্রসঙ্গত, সোমবার আফগান সরকার ঈদুল আযহা উপলক্ষ্যে তালিবানের সঙ্গে লড়াই বন্ধ রাখতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। কিন্তু, তালিবান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছে। এরপর আজ মঙ্গলবার কাবুলে হামলার ঘটনা ঘটে।
এদিকে, সোমবার প্রায় ২০০ যাত্রীবাহী তিনটি বাসে অতর্কিত হামলা চালায় তালিবান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পরবর্তীতে যাত্রীদের ১৬০ জনকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ২০ জনকে এখনো আটক করে রাখা হয়েছে। -আল জাজিরা
ইত্তেফাক/ জেআর