যুক্তরাষ্ট্রের কনজারভেটিভ দলগুলোর ওপর রুশ হ্যাকারদের সাইবার-হামলা প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে সফটওয়ার জায়ান্ট মাইক্রোসফট। মাইক্রোসফট জানিয়েছে, রুশ হ্যাকাররা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট ও দ্য হাডসন ইন্সটিটিউট সহ একাধিক রাজনৈতিক সংগঠনের তথ্য চুরির চেষ্টা চালিয়েছিল। কিন্তু তাদের তথ্য চুরি ঠেকিয়ে দিয়েছে মাইক্রোসফট।
মাইক্রোসফটের নিরাপত্তাকর্মীরা তাদের ওয়েবসাইটের ছয়টি গুরুত্বপূর্ণ ডোমেইনের দখল নিয়ে নিলে ব্যর্থ হয় রুশ হ্যাকারদের হামলা প্রচেষ্টা। মাইক্রোসফট জানিয়েছে, এই ব্যর্থ হামলার পেছনে জড়িত ছিল ‘ফ্যান্সি বিয়ার’ নামের হ্যাকারদের গ্রুপ। দলটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তাদের সঙ্গে রুশ সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ’র সংশ্লিষ্টতা রয়েছে।
মাইক্রোসফট তাদের ব্লগে জানিয়েছে, আমরা উদ্বিগ্ন যে, এটা সহ অন্যান্য সাইবার হামলার প্রচেষ্টা ২০১৮ সালের মধ্যবর্তী নির্বাচনে অংশগ্রহণকারী আমেরিকান রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠনের জন্য নিরাপত্তাজনিত হুমকি সৃষ্টি করেছে।
মাইক্রোসফট জানিয়েছে, এই ব্যর্থ হামলা প্রচেষ্টাটি খুব সম্ভবত ‘স্পিয়ার ফিশিং’ অভিযানের শুরু ছিল। উল্লেখ্য, স্পিয়ার ফিশিং হচ্ছে, নির্দিষ্ট ব্যক্তিবর্গের কাছে তাদের পরিচিত কারো ই-মেইল ব্যবহার করে বিশেষ স্বার্থ উদ্ধারে মেইল পাঠানো
মাইক্রোসফট জানিয়েছে, এর পেছনে উদ্দেশ্য ছিল মানুষজনকে প্রতারণার মাধ্যমে ফ্যান্সি বিয়ার গ্রুপ পরিচালিত কিছু ডোমেইন প্রবেশ করানো, যাতে করে দলের হ্যাকাররা ডোমেইনে প্রবেশকারীদের লগইন করার জন্য প্রয়োজনীয় তথ্য চুরি কর নিতে পারে।
ইত্তেফাক/ জেআর