ঈদের দিন খালেদা জিয়ার সাক্ষাৎ চান বিএনপি নেতারা

ঈদুল আজহার দিনে কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছেন দলটির সিনিয়র নেতারা। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়ে নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
 
রিজভী বলেন, ঈদুল আজহার দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ পান, সেজন্য রবিবার দলের সিনিয়র নেতাদের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমতি পেলে নেতারা চেয়ারপার্সনের সঙ্গে দেখা করতে যাবেন। আমরা আশা করছি, আমরা অনুমতি পাব।
 
এরআগে গত জুন মাসে ঈদুল ফিতরের দিনও বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির নেতারা দলের প্রধান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলেন। কিন্তু কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার আত্মীয়-স্বজন ছাড়া কাউকে অনুমতি দেয়নি।
 
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী।
 
ইত্তেফাক/বিএএফ